
#রায়গঞ্জঃ ছাত্র আন্দোলন এবং অভিভাবকদের লাগাতার প্রতিবাদের জেরে অবশেষে বদলি হলেন মুরলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। শিক্ষা দপ্তরের নির্দেশিকায় তাঁকে উত্তর দিনাজপুর জেলার একটি হাই স্কুলে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষককে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর এই বদলির নির্দেশ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে শিক্ষা মহলে।

জানা যায়, ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরলিগঞ্জ হাই স্কুলে প্রধান শিক্ষক সামসুল আলমকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছিল। অতিথি শিক্ষককে বসিয়ে দেওয়া, পড়ুয়াদের নিগ্রহ, অতিরিক্ত ফি নেওয়া এবং জোর করে পোশাক বিক্রির অভিযোগে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল স্কুল চত্বর। এমনকি জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে বহিরাগতদের হামলার অভিযোগেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে প্রধান শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল বলে জানা যায়। পরবর্তীতে তাঁর বদলির বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে প্রক্রিয়া শুরু হয়। অবশেষে সেই বদলির নির্দেশ কার্যকর হল।

শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, সামসুল আলমকে উত্তর দিনাজপুর জেলার একটি হাই স্কুলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মেনে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

তবে এই বদলি ঘিরে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে আন্দোলনকারী পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে, অন্যদিকে শিক্ষক মহলের একাংশের বক্তব্য, অভিযোগের প্রকৃত কারণ এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। ফলে বদলির পরও মুরলিগঞ্জ হাই স্কুলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।






