
#ইটাহার: ইটাহার থানার সবুজে মোড়া বানবোল গ্রামের গামারী নদীর তীরে এক মনোরম পরিবেশে বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয় অবস্থিত। আজ সেখানে একটি স্মার্ট ক্লাস রুমে নবম ও দশম শ্রেণীর ৭৪ জন ছাত্রী, শিক্ষিকা পুষ্পিতা মুখার্জী, শাশ্বতী দেব, সান্তনা বর্মন, আত্মনা সরকার, শিক্ষক মদন সরকার, জীবনদীপ দাস এবং ইটাহার বিধানসভার প্রাইমারী টিচার্স কনভেনার উজ্জ্বল বর্মন উপস্থিত ছিলেন।

ড. বৃন্দাবন ঘোষ তাঁদের সামনে জেলার মানচিত্র ও চার্ট দিয়ে উত্তর দিনাজপুর পরিচিতি, জেলার নদনদী, লুপ্তপ্রায় গামারী নদীর গতিপথ, তার দুই তীরের মন্দির, শ্মশান, হাট, গ্রামনাম, গতিপথ হারিয়ে যাওয়ার কারণ, সমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরেন।

সকলের কাছে ‘গামারী বাঁচাও, এই শ্লোগান তোলার আবেদন করেন। এই আলোচনার পরে প্রজেক্টরের মাধ্যমে গামারী ও সুই নদীকে নিয়ে দুটি ভিডিও দেখানো হয়। সবশেষে প্রশ্নোত্তর পর্ব চলে। ছাত্রীরা নিজেদের এলাকার কথা শুনে ও দেখে খুব আনন্দ প্রকাশ করে। গামারী নদীকে নিয়ে ছাত্রীদের বাংলা, ইতিহাস ও ভূগোলের প্রজেক্ট দেওয়ার আবেদন করা হয়।

এই ব্যাপারে শিক্ষিকারা সম্মতি প্রকাশ করেন। তাঁরা জানান- স্কুলে হলঘর থাকলে এই ধরনের অনুষ্ঠান করা সুবিধা হবে। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। এই গামারী নদীকে বাঁচানোর জন্য ড. ঘোষ ইতিপূর্বে একটি সাহিত্যসভা এবং সাতটি হাইস্কুলে অনুষ্ঠান করেছেন।






