
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ৭৫ বছর পূর্তির উৎসবের আবহেই বড় ঘোষণা। রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ হাই স্কুলকে পিএম শ্রী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, সুভাষগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার ঘোষ-সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ৭৫ বছরের পথচলা, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তার ভূমিকার কথাও উঠে আসে অনুষ্ঠানের আলোচনায়।

মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, সুভাষগঞ্জ হাই স্কুলের দীর্ঘ ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে ভূমিকার কথা বিবেচনা করে বিদ্যালয়টিকে পিএম শ্রী প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিক পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান তিনি। এতে ক্লাসরুমের সমস্যা দূর হবে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় সুভাষগঞ্জ হাই স্কুলে একাধিক পরিকাঠামোগত কাজ করা হবে। বিদ্যালয়ে কিচেন শেড, ডাইনিং হল, সোলার সিস্টেম এবং পানীয় জলের পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে, রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়টি রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে চলে যাবে। সেই লক্ষ্যে রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে বলেও জানান তিনি।

পাশাপাশি, রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রে আধুনিক শিক্ষার উপযোগী পরিকাঠামো গড়ে তোলার জন্য ল্যাবরেটরি তৈরির প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে একসঙ্গে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে এই ঘোষণায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা।




