Explore

Search

October 25, 2026 5:09 pm

IAS Coaching

চালসায় পরিবেশ কর্মীদের সভা, উত্তরবঙ্গের নদী রক্ষায় ১০ দফা দাবিপত্র

#চন্দ্র নারায়ণ সাহা, চালসা: রবিবার দুপুরে, বিশ্ব নদী দিবস উপলক্ষে উত্তরবঙ্গের নদীগুলির বর্তমান পরিস্থিতি, দূষণ ও নদী রক্ষার বিভিন্ন দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল চালসা যুব আবাসে। সবুজ মঞ্চের উদ্যোগে আয়োজিত “উত্তরবঙ্গের নদী সমস্যা ও আমাদের দাবি” শীর্ষক এই আলোচনায় উত্তরবঙ্গের সাতটি জেলার ২১টি পরিবেশ সংগঠনের প্রায় ৭৫ জন প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি নদী নিয়ে গবেষণারত বিভিন্ন কলেজের অধ্যাপকরাও সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নেপালে সাম্প্রতিক বিধ্বংসী হড়পা বানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, মহানন্দা, আত্রেয়ী, গঙ্গা ও ফুলহার-সহ বিভিন্ন নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নদীদূষণ, অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন, নদী দখল, নদীভাঙন-সহ একাধিক সমস্যা উঠে আসে আলোচনায়। নদীগুলির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন নিয়ন্ত্রণ এবং নদীর সামগ্রিক স্বাস্থ্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সভায় সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত, যুগ্ম সম্পাদক শাশাঙ্ক দেব এবং সহ-সভাপতি অনিমেষ বসু-সহ বিভিন্ন জেলার পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। নদী নিয়ে কাজ করা কলেজের অধ্যাপকরাও তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে উত্তরবঙ্গের নদীগুলির স্বাস্থ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের লক্ষ্যে একটি ১০ দফা দাবিপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, ভূমি, কৃষি, সেচ-সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলিকে নিয়ে এবং পরিবেশকর্মীদের অংশগ্রহণে একটি নদী কমিশন গঠনের দাবিও ওই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে। তৈরি করা দাবিপত্রটি আগামী দিনে কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবুজ মঞ্চের পক্ষ থেকে সভায় উপস্থিত বিভিন্ন জেলার পরিবেশ সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি নদী নিয়ে গবেষণারত অধ্যাপক এবং সাংবাদিকদের অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja