#মালবাজার: ডুয়ার্সের মাল ব্লকের অন্যতম বড় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। শুক্রবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রধান নির্বাচনের জন্য সভা ডাকা হয়। সেখানে ২৫জন সদস্যের সর্বসম্মতিক্রমে বিজেপির সুরজ দর্জি প্রধান হিসাবে মনোনীত হন।এর পরে উচ্ছাসে ফেটে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা।

১৯৯৮ সালে চা বাগান অধ্যুষিত রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়।৬টি চাবাগান ঘেরা এই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৩০জন।তৃনমুল জমানায় তৎকালীন রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াইকের গড় ছিল এই গ্রাম পঞ্চায়েত। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রধান বিদায়ী মন্ত্রী বুলু চিকবড়াইকের পুত্র অশোক চিকবাড়াইক পদত্যাগ করেন। তারপর থেকে প্রধানের পথ শূন্য ছিল।

শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে সভা ডাকা হয়। সেই সভায় ৩০ জন সদস্যের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন। সভায় প্রধান হিসাবে বিজেপির সুরোজ দর্জির নাম প্রস্তাব হয় এবং উপস্থিত সমস্ত সদস্যই তার নামে সমর্থন জানান। অন্য কোন নাম না থাকায় সুরজ দর্জির নাম প্রধান হিসাবে ঘোষণা করা হয়।

পঞ্চায়েত অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা বিজেপির পরিচিত মুখ মহেশ বাগে বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা নেট টু নেট লড়াই করেছি। আমাদের বেশ কিছু সদস্য নির্বাচনে জিতে পঞ্চায়েত সদস্য হয়েছিলেন। কিন্তু সেদিন আমরা বোর্ড দখল করতে পারিনি। সেদিন আমি ঘোষণা করেছিলাম একদিন এই গ্রাম পঞ্চায়েত আমরা দখল করব। আজ সেই স্বপ্ন সফল হল। এখন রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ স্বচ্ছ ভাবে করা হবে।








