Explore

Search

October 24, 2026 3:59 pm

IAS Coaching

২৩ বছরের শিক্ষকতায় ‘স্বর্ণ গৌরব সম্মান’ পেলেন কাপাসিয়া স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দীর্ঘ ২৩ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষা ক্ষেত্রে অবদান ও সক্রিয়তার স্বীকৃতি হিসেবে স্বর্ণ গৌরব সম্মান পেলেন ইটাহার ব্লকের কাপাসিয়া এ এম হাই স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী। গত ২০ সেপ্টেম্বর কলকাতার ভারতসভা হলে ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন-এর পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা, যারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে থাকে। সংস্থার পুরস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। আবেদন প্রক্রিয়ার পর তাঁকে ‘স্বর্ণ গৌরব সম্মান’-এর জন্য নির্বাচিত করা হয় বলে জানিয়েছেন তিনি। দীর্ঘ ২৩ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষা দানের পাশাপাশি তাঁর বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়তার স্বীকৃতি হিসেবেই এই সম্মান বলে জানা গিয়েছে।

পুরস্কার পাওয়ার পর বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। এই সম্মান ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি ভালো কাজ করার ব্যাপারেও উৎসাহিত করবে বলে আশা করছি।”

কলকাতার ভারতসভা হলে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় সহ বহু গুণীজন। তাঁদের উপস্থিতিতে বিশ্বজিৎ চক্রবর্তীর হাতে ‘স্বর্ণ গৌরব সম্মান’ তুলে দেওয়া হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja