
#নতুন দিল্লি: জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল উত্তর দিনাজপুরের নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়।

প্রথম ম্যাচেই পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল তেলেঙ্গানা রাজ্য দলকে ৬-০ গোলে পরাজিত করে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষের উপর আধিপত্য বজায় রাখে উত্তর দিনাজপুরের এই স্কুলের মেয়েরা। একের পর এক গোল করে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা।

জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় নিঃসন্দেহে বিদ্যালয়, উত্তর দিনাজপুর জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের জন্য গর্বের মুহূর্ত। প্রত্যন্ত এলাকার এই ক্রীড়াপ্রতিভাবান মেয়েদের সাফল্য আগামী দিনে আরও অনেক ছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় আগামী ২০শে আগষ্ট সকালে সুব্রত কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেও জয় ধরে রাখার প্রত্যাশায় তাকিয়ে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং উত্তর দিনাজপুরের ক্রীড়াপ্রেমীরা।

জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করার এই অভিযানে নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের গোটা দলের জন্য রইল হার্দিক অভিনন্দন ও আগামী ম্যাচের জন্য আন্তরিক শুভেচ্ছা। তাঁদের পা এগিয়ে চলুক আরও বড় সাফল্যের দিকে—এই প্রত্যাশাই সকলের। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিত ঘোষ বলেন, এরা গতবারের বিজয়ী দল। তবুও প্রথম ম্যাচ সবসময়ই ভীষণ চাপের হয়। আবারও চ্যাম্পিয়ন হয়ে ফিরুক, এই আশা করছি।






