Explore

Search

August 14, 2026 10:32 pm

IAS Coaching

জেলার মুকুটে নতুন পালক, কন্যারত্ন পুরস্কার বনশ্রীকে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জেলার মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক। সঙ্গীত জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে উত্তর দিনাজপুর জেলার হয়ে ‘কন্যারত্ন সম্মান’ পেল রায়গঞ্জের দেবীনগর কে সি আর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্রী বনশ্রী বিশ্বাস। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। জেলার হয়ে বনশ্রীর এই পুরস্কারপ্রাপ্তিতে গর্বিত তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী থেকে শুরু করে পরিবার ও শুভানুধ্যায়ীরা।

ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ বনশ্রীর। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতচর্চায় নিজেকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবেই এই সম্মান বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখী বিশ্বাস বলেন, “আমাদের বিদ্যালয় দেবীনগর কে সি আর বিদ্যাপীঠের ছাত্রী বনশ্রী এই সম্মান পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। সঙ্গীত জগতে আরও অনেক দূর এগিয়ে যাও তুমি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত বনশ্রীর বাবা বিশ্বজিৎ বিশ্বাস। ফোনে তিনি জানান, মেয়ের এই সম্মান তাঁদের পরিবারের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। তিনি মেয়ের আগামী দিনের সাফল্যের জন্য সকলের আশীর্বাদ ও শুভকামনা কামনা করেন।

বনশ্রীর এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, তাঁর বিদ্যালয় তথা উত্তর দিনাজপুর জেলার কাছেও গর্বের বিষয়। জেলার এক কন্যার প্রতিভার স্বীকৃতি আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীকে নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

Advertisement
Live Cricket Score
upskillninja