Explore

Search

August 12, 2026 7:20 pm

IAS Coaching

১৬ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে রায়গঞ্জ মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান, পাশাপাশি রায়গঞ্জে AIIMS-এর দাবিও

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বৃহত্তর ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা, জেলার শিল্প-বাণিজ্যের প্রসার এবং রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৬ দফা দাবিসহ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল রায়গঞ্জ মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন। উত্তর দিনাজপুর জেলার মাননীয় জেলাশাসকের মাধ্যমে এই দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শান্তনু দাস, সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী-সহ বণিক সংগঠনের বহু সদস্য।

অ্যাসোসিয়েশনের দাবিগুলির মধ্যে রয়েছে স্বচ্ছ, সরল ও শিল্পবান্ধব ভূমি অধিগ্রহণ নীতি প্রণয়ন এবং শিল্প ও ব্যবসার জন্য কার্যকর Single Window Clearance System চালু করা। পাশাপাশি প্রতিটি জেলায় Traders’ Development Centre গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

উত্তর দিনাজপুরে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে Skill Development Institute ও Technical Training Centre স্থাপনেরও দাবি জানিয়েছে সংগঠন। GST, Income Tax, PF, Fire Safety, Pollution Control, Electricity, Land এবং Municipal compliance-সহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন সরলীকরণের পাশাপাশি সরকারি সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর দাবি রয়েছে।

ব্যবসার নিরাপদ পরিবেশ তৈরির জন্য আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা, রায়গঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে উদ্যোক্তাদের জন্য দ্রুত freehold land rights কার্যকর করা এবং কর্ণজোড়ায় অব্যবহৃত তিস্তা প্রকল্পের জমিতে District Handicrafts Hub গড়ে তোলার প্রস্তাবও রাখা হয়েছে।

কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নের জন্য পরিকাঠামো, দক্ষ শ্রমিক এবং সময়মতো ভর্তুকির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ, চা, আনারস, উদ্যানপালন, পশুপালন এবং ইটশিল্পের প্রসারের উপরও জোর দিয়েছে বণিক সংগঠন। পাশাপাশি কুনোর মালগাঁও কার্পেট ক্লাস্টারকে জাতীয় স্তরের Carpet Hub হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

সরকারি দফতরগুলির সঙ্গে ব্যবসায়ী মহলের আরও ভালো সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির উপযোগী ব্যবসাবান্ধব প্রশাসনিক পরিবেশ তৈরির কথাও বলা হয়েছে। রায়গঞ্জ শহরের জন্য নাগরিক পরিষেবা, যান চলাচল, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক নিকাশি ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ Master Plan তৈরির দাবিও রয়েছে।

রায়গঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ কুলিক পাখিরালয়-এর সংরক্ষণ, উন্নয়ন, প্রচার এবং পর্যটন দফতরের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়ার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

বণিক সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, এই মূহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলির মধ্যে রয়েছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে AIIMS স্থাপন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি পরিকাঠামোগত দাবি নয়; উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। কেন্দ্রীয় সরকারের মূল পরিকল্পনা অনুযায়ী রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

রায়গঞ্জ মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই দাবিগুলি বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুরে শিল্প-বাণিজ্যের প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে।

 

Advertisement
Live Cricket Score
upskillninja