
#রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলি, সর্বত্র জমে থাকা আবর্জনার স্তূপ থেকে বের হওয়া দুর্গন্ধে নাজেহাল হয়ে পড়েছেন রায়গঞ্জ শহরের বাসিন্দাদের একাংশ। দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে আবর্জনা অপসারণ না হওয়ায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিশেষ করে রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগর বাজার সংলগ্ন এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও প্রতিটি ওয়ার্ড আজ নোংরা আবর্জনার ছোট ছোট স্তুপ বানিয়ে রেখেছে। রাস্তার ধারে দিনের পর দিন আবর্জনা জমে থাকায় সামান্য বাতাস উঠলেই সেই দুর্গন্ধ আশপাশের বাড়িতে ঢুকে পড়ছে। এতে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

এলাকার বাসিন্দা মনীশ দাস বলেন, “রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগর বাজারের কাছে সামান্য হাওয়া দিলেই প্রচণ্ড দুর্গন্ধ বাড়ির ভেতরে চলে আসে। এতে সুস্থ মানুষও অসুস্থ বোধ করেন। শুধু তাই নয়, প্রায়ই রাস্তার অর্ধেক জুড়ে এই ময়লা পড়ে থাকে, যার ফলে যাতায়াত করতেও চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। এলাকার সকল মানুষের স্বার্থে রায়গঞ্জ পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি।”

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে আবর্জনা পচে দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বৃদ্ধি পাচ্ছে, যা ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য সংক্রামক রোগের আশঙ্কা বাড়িয়ে তুলছে। অনেকের দাবি, নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বসানো এবং দ্রুত সাফাই ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি।

এলাকাবাসীর আশা, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে রায়গঞ্জ পৌরসভা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে এবং শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




