Explore

Search

August 2, 2026 3:19 am

IAS Coaching

হৈ-হৈ করে কলকাতায় শুরু ইসকন পরিচালিত পি এম পোষণ, খুশি পড়ুয়া থেকে শিক্ষক-অভিভাবকেরা

#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার থেকে কলকাতার একাধিক সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ইসকন পরিচালিত পি এম পোষণ (মিড-ডে মিল) প্রকল্পের খাদ্য সরবরাহ। প্রথম দিনেই নতুন ব্যবস্থাকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও কৌতূহল। যদিও খাবারের পরিমাণ কম আসায় কয়েকটি স্কুলে কিছুটা সমস্যারও সৃষ্টি হয়।

এক শিক্ষক জানান, শনিবার হলেও এদিন অন্য দিনের তুলনায় অনেক বেশি উৎসাহ নিয়ে ছাত্রীদের স্কুলে আসতে দেখা যায়। প্রত্যেকেই নিজের থালা, বাটি বা খাবারের বক্স সঙ্গে নিয়ে হাজির হয়েছিল। নতুন ব্যবস্থার খাবার কেমন হবে, তা নিয়ে ছিল প্রবল আগ্রহ।

তবে প্রথম দিনেই সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দেয়। প্রয়োজনের তুলনায় খাবারের পরিমাণ কম পৌঁছানোয় কিছু সময়ের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হয়। সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রথম দিনের উপস্থিতি ও চাহিদা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এই ঘাটতি হয়েছে। আগামী দিনে প্রয়োজন অনুযায়ী সরবরাহ বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে বড় ঢাকনাযুক্ত কন্টেইনারে করে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশনের জন্য বড় গামলাও দেওয়া হয়। শিক্ষক শিক্ষিকাদেরও নিয়ম অনুযায়ী এক চামচ করে খাবার চেখে দেখতে বলা হয়। এদিনের মেনুতে ছিল ভাত ও আলু পনিরের তরকারি। কয়েকজন শিক্ষকের মতে, খাবারের মান মোটের উপর গ্রহণযোগ্য।

এক শিক্ষক আরও বলেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদেরও এই প্রকল্পের আওতায় আনা প্রয়োজন। ওরা ছোটদের খাবার নিতে দেখে অনেকেই কৌতূহলী চোখে তাকিয়ে থাকে। কেউ কেউ চুপিচুপি লাইনে দাঁড়িয়েও পড়ে। পরে তাদের ফিরিয়ে দিতে খুবই খারাপ লাগে। অভিভাবকদের একাংশও নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পৌঁছে গেলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ও আগ্রহ আরও বাড়বে।

প্রথম দিনের কিছু ছোটখাটো সমস্যার মধ্যেও কলকাতায় ইসকন পরিচালিত পি এম পোষণ প্রকল্পের সূচনাকে ইতিবাচক বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ। তাঁদের আশা, আগামী দিনে এই উদ্যোগ আরও সুসংগঠিত হয়ে হাজার হাজার পড়ুয়ার পুষ্টি ও শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja