
#শিলিগুড়ি: ভারত ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে “Strengthening Nepal-India Economic Partnership for Shared Prosperity” শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনাসভা শনিবার শিলিগুড়ির আইটিসি ফর্চুন হোটেলে অনুষ্ঠিত হয়। এশিয়ান ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (AIDIA) এবং CII North Bengal Zonal Council-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উত্তরবঙ্গের শিল্প-বাণিজ্য জগতের প্রতিনিধিদের পাশাপাশি ভারত ও নেপালের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, দেবদুলাল বাগচী সহ অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ। সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে এই আন্তর্জাতিক সংলাপে তাঁদের সক্রিয় অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও অর্থনৈতিক বিশেষজ্ঞ সুনীল কে.সি., সতীশ মিত্রুকা, অমল মণ্ডল, কুণাল কায়াল, সুপ্রতিম (রাজ) বসু, সুমিত সিনহাল, শৈলজা অধিকারী, ড. কে. ভি. রাজেন্দ্রন নায়ার, আশিস ঠাকুর এবং নেপালের সংসদ সদস্য পরাশ মণি গেলাল।

অতনু বাবু বলেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নবায়নযোগ্য শক্তি, ঐতিহ্য সংরক্ষণ এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য এই সংলাপকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, উত্তরবঙ্গের ব্যবসায়িক ও শিল্পোন্নয়নের স্বার্থে ভারত-নেপাল সহযোগিতা আরও জোরদার হওয়া অত্যন্ত প্রয়োজন। তাঁদের মতে, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ ভবিষ্যতে সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন গতি দেবে এবং উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকদের আশা, এই আলোচনাসভার মাধ্যমে ভারত ও নেপালের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে, যা উভয় দেশের পাশাপাশি উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।






