Explore

Search

June 14, 2026 12:57 am

IAS Coaching
Latest News

রায়গঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী নিয়ে আলোচনা, শুরু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা

#রায়গঞ্জঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তার প্রভাব ভবিষ্যৎ পৃথিবীকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে, সেই বিষয়কে কেন্দ্র করে শনিবার রায়গঞ্জে শুরু হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিলের সভা। কর্নজোড়া কলেজ অফ এডুকেশনের সেমিনার হলে আয়োজিত এই দুই দিনের কর্মসূচির সূচনা হয় বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং পরিবেশবান্ধব উন্নয়নের বার্তা নিয়ে।

সভা উপলক্ষে শনিবার দুপুরে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হয় “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং মানব সমাজে এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে বিশদ বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি।

এরপর কর্নজোড়া কলেজ অফ এডুকেশনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞান সংগঠক অঞ্জন মজুমদার। “মানুষের জন্য জীবন, জীবনের জন্য বিজ্ঞান” এবং পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তোলার দাবিকে সামনে রেখেই এবারের কাউন্সিল সভার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী। এছাড়াও অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক (পিএসএন)-এর পক্ষে বক্তব্য রাখেন সত্যজিৎ চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সভাপতি প্রদীপ মহাপাত্র।

সংগঠনের জেলা সম্পাদক ডা. পার্থ প্রতিম ভদ্র জানান, রাজ্য কাউন্সিল সভাকে কেন্দ্র করে ইসলামপুর, চোপড়া, কানকি, সূর্যাপুর, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে মোট ছয়টি বিজ্ঞানভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই রাজ্য কাউন্সিল সভার বিভিন্ন অধিবেশন ও আলোচনা পর্ব।

সভা শেষে ডা. পার্থ প্রতিম ভদ্র এবং অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান তথা কর্নজোড়া কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ চন্দন রায় জানান, বিজ্ঞানচর্চা ও যুক্তিবাদী চিন্তাধারার প্রসারে এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja