Explore

Search

August 7, 2026 12:49 pm

IAS Coaching

হেমতাবাদে ডিগ্রি কলেজ অনুমোদনে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন বিধায়ক হরিপদ বর্মন

#হেমতাবাদ: দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে হেমতাবাদবাসীর। হেমতাবাদ বিধানসভা এলাকায় একটি ডিগ্রি কলেজ অনুমোদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও নমস্কার জানালেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন।

শুক্রবার মালদায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠক শেষে সোশাল মিডিয়ায় বিধায়ক বলেন, হেমতাবাদের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের উচ্চশিক্ষার চাহিদার কথা বিবেচনা করে রাজ্য সরকার ডিগ্রি কলেজ অনুমোদনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।

তিনি জানান, এতদিন উচ্চশিক্ষার জন্য হেমতাবাদের বহু ছাত্রছাত্রীকে রায়গঞ্জ কিংবা অন্যত্র যেতে হতো। নতুন কলেজ চালু হলে স্থানীয় শিক্ষার্থীরা নিজেদের এলাকাতেই স্নাতক স্তরের পড়াশোনার সুযোগ পাবে। ফলে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছাত্রছাত্রীদেরও উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে।

বিধায়ক হরিপদ বর্মন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হেমতাবাদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এর জন্য আমি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাই।”

এলাকার বাসিন্দা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যেও এই ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে। তাঁদের মতে, ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হলে শুধু শিক্ষার প্রসারই নয়, এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কলেজ স্থাপনের প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে আগামী দিনে হেমতাবাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja