Explore

Search

June 13, 2026 1:03 am

IAS Coaching
Latest News

ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উন্নয়নে জেলা শাসকের হাতে দাবিপত্র, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিল্পোদ্যোগীদের উদ্যোগ

#ইসলামপুর: ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সার্বিক উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন শিল্পোদ্যোগীরা। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের শাখা সংগঠন ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমারের হাতে একটি বিস্তারিত দাবিপত্র তুলে দেওয়া হয়।

দাবিপত্রে ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, রাস্তা সংস্কার, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার একাধিক বিষয় তুলে ধরা হয়। রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর দাবি, উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠলে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক উত্তরবঙ্গের শিল্পোন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।

দাবিপত্র প্রদান কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজিত হয়। শিল্পাঞ্চলকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইসলামপুরের মহকুমা শাসক, ইসলামপুর ব্লকের বিডিও, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এবং ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের নেতৃত্ববৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিল্প ও ব্যবসার বিকাশের স্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শিল্পাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja