Explore

Search

June 12, 2026 1:01 am

IAS Coaching

রায়গঞ্জে এইমসের দাবিতে পোস্টারিং, সরব ব্যবসায়ী সংগঠন

#রায়গঞ্জঃ উত্তরবঙ্গে একটি সর্বাধুনিক এইমস (AIIMS) প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে রায়গঞ্জে শুরু হল জনমত গঠনের কর্মসূচি। বুধবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের শাখা সংগঠন দেবীনগর বাজার দোকানদার সমিতি এবং আনন্দ সংঘ পাঠাগার-এর যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টারিং করা হয়।

পোস্টারগুলিতে স্পষ্টভাবে লেখা ছিল— “We Demand AIIMS In Raiganj” এবং “রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই”। সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তর দিনাজপুর জেলার ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে রায়গঞ্জেই এইমস গড়ে তোলা উচিত।

উদ্যোক্তাদের পক্ষে দীপঙ্কর প্রামাণিকের বক্তব্য, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের বহু মানুষকে উন্নত চিকিৎসার জন্য কলকাতা, শিলিগুড়ি কিংবা রাজ্যের বাইরে যেতে হয়। রায়গঞ্জে এইমস স্থাপিত হলে শুধু উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী বিহারের বিস্তীর্ণ এলাকার মানুষও উপকৃত হবেন।

পোস্টারিং কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এটি কেবল একটি সংগঠনের দাবি নয়, বরং সমগ্র উত্তরবঙ্গের মানুষের ন্যায্য দাবি। আগামী দিনে এই দাবিকে আরও জোরালো করতে বিভিন্ন সামাজিক ও গণসংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই দাবির সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তাদের বক্তব্য, রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠা হলে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন ঘটবে এবং কর্মসংস্থানেরও নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja