Explore

Search

June 10, 2026 3:28 pm

IAS Coaching

বনদপ্তরের জমিতে ইকো পার্ক গড়ে লিজ পঞ্চায়েত সমিতির, সরকার পরিবর্তন হতেই ফিরিয়ে দেওয়ার তৎপরতা রায়গঞ্জে

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে, বনদপ্তরের জমিকে বেসরকারি ব্যক্তিকে লিজ দেওয়া নিয়ে নতুন করে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। রায়গঞ্জ বনদপ্তরের জমিতে গড়ে ওঠা ইকো পার্কের জন্য, অতীতে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিকে যে জমি লিজ দেওয়া হয়েছিল, বর্তমানে সেই জমি ফের বনদপ্তরের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, চলতি বছরের ৫ মে বনদপ্তরের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদকে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে সংশ্লিষ্ট জমি ফেরত দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। পরে জেলা পরিষদ সেই চিঠি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাছে ফরওয়ার্ড করে।

প্রশাসনিক মহলের একাংশের দাবি, দীর্ঘদিন আগে বনদপ্তরের মালিকানাধীন জমিতে ইকো পার্ক গড়ে তোলার উদ্দেশ্যে পঞ্চায়েত সমিতিকে লিজ দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক পালাবদলের আবহে জমির মালিকানা ও নিয়ন্ত্রণ পুনর্বিবেচনার বিষয়টি সামনে এসেছে।

জানা গিয়েছে, জেলা পরিষদের নির্দেশ পাওয়ার পর রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি জমি হস্তান্তরের ক্ষেত্রে কোনওরকম বাধা সৃষ্টি করতে চাইছে না। বরং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দ্রুত জমি বনদপ্তরের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বর্মন বলেন- ওই জমি জেলা পরিষদ আমাদেরকে দিয়েছিল। আমরা ফেলে না রেখে, লিজ দিই। এখন বনদপ্তর ফেরত চাইছে। আমরা কোনো প্রকার বাধা দেব না। বরং এই কাজের সাথে সহমত পোষণ করছি।

যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতি কিংবা বনদপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে জমি হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া কবে সম্পন্ন হবে, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এদিকে বনদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ওই জমি ফেরত পেলে একদিকে যেমন ক্যানেলে মাছ চাষ করা হবে এবং পার্কটি সুন্দর করে সাজিয়ে তোলা হবে।

এদিকে বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। স্থানীয় মহলের একাংশের মতে, সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি জমি ও সম্পত্তির প্রশাসনিক পুনর্বিন্যাসের যে প্রক্রিয়া শুরু হয়েছে, রায়গঞ্জের এই ঘটনাও তারই একটি অংশ হতে পারে। বর্তমানে বনদপ্তর, জেলা পরিষদ এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে এলাকার বাসিন্দাদের।

Advertisement
Live Cricket Score
upskillninja