Explore

Search

June 6, 2026 1:46 am

IAS Coaching

এবার স্কুল শিক্ষাতেও ফেস রিকোগনিশন বায়োমেট্রিক হাজিরা, জারি নোটিফিকেশন

#কোলকাতাঃ সরকারি দপ্তরের কর্মীদের মতো এবার স্কুল শিক্ষা দপ্তরেও চালু হতে চলেছে ফেস রিকোগনিশন ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম। শুক্রবার এই মর্মে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। দপ্তরের ডেপুটি সেক্রেটারির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শিক্ষক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রশাসনিক স্তরে ফেস রিকোগনিশন বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মীদের অফিসে প্রবেশ ও প্রস্থানের সময় ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত হবে। উপস্থিতি সংক্রান্ত তথ্য সরাসরি নির্দিষ্ট সার্ভারে সংরক্ষিত থাকবে।

প্রশাসনিক মহলের মতে, সরকারি দপ্তরগুলিতে ইতিমধ্যেই এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উপস্থিতির স্বচ্ছতা বজায় রাখা, অনিয়ম রোধ এবং কর্মক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষক সংগঠনগুলির একাংশের দাবি, শিক্ষা দপ্তরে ব্যবস্থা চালুর পর খুব শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতেও একই ধরনের ফেস রিকোগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম চালু হতে পারে। যদিও স্কুল স্তরে কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে শিক্ষা মহলের একাংশের মতে, এখন শুধু সময়ের অপেক্ষা।

প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিচ্ছে। সেই প্রেক্ষিতেই স্কুল শিক্ষা দপ্তরে ফেস রিকোগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

এদিকে, নোটিফিকেশন জারির পর শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই উদ্যোগকে স্বচ্ছতা বৃদ্ধির পক্ষে ইতিবাচক বলে মনে করছেন, আবার কেউ প্রযুক্তিগত পরিকাঠামো ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শিক্ষা দপ্তরের এই পদক্ষেপে স্পষ্ট, ভবিষ্যতে স্কুল শিক্ষার প্রশাসনিক কাঠামো আরও বেশি প্রযুক্তিনির্ভর হতে চলেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja