Explore

Search

August 7, 2026 2:31 pm

IAS Coaching

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না, পোস্টার পড়ল শহরে

#রায়গঞ্জঃ রাজ্য সরকার পালাবদল হতেই বেশ কিছু জায়গায় শুরু হয়েছে সরকারি জমিতে অবৈধভাবে বসা হকার উচ্ছেদ। রায়গঞ্জ শহরেও হকার উচ্ছেদের সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। এরই মাঝে হকারদের পাশে থাকার বার্তা দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার সাঁটাতে শুরু করেছে AIUTUC (অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার) নামক শ্রমিক সংগঠন।

শহরের মোহনবাটি, সুপার মার্কেট, রেল স্টেশন, হাসপাতাল মোড়, বিদ্রোহী মোড়-সহ একাধিক এলাকায় দেখা গিয়েছে এই পোস্টার। পোস্টারে স্পষ্টভাবে লেখা হয়েছে, “পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না, জীবিকা বাঁচাতে ঐক্যবদ্ধ হোন”। পাশাপাশি হকারদের স্বার্থ রক্ষায় সংগঠনের আন্দোলনের বার্তাও তুলে ধরা হয়েছে।

AIUTUC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে প্রায় হাজার খানেক ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার তাঁদের জীবিকার জন্য রাস্তার ধারে দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করেন। কোনও বিকল্প ব্যবস্থা ছাড়া তাঁদের উচ্ছেদ করার চেষ্টা হলে সংগঠন তার বিরোধিতা করবে।

সংগঠনের এক নেতা বলেন, “হকাররা শহরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু পরিবার আর্থিক সংকটে পড়বে। তাই আমরা হকারদের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাব।”

যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত হকার উচ্ছেদ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ার ঘটনায় বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, হকারদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শহরের সৌন্দর্যায়নের প্রয়োজন থাকলেও জীবিকার প্রশ্নকে গুরুত্ব দিয়ে প্রশাসনের উচিত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। শহরে পোস্টার প্রচারকে কেন্দ্র করে আগামী দিনে হকার সংগঠনগুলির কর্মসূচি কী হয়, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

Advertisement
Live Cricket Score
upskillninja