
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার ক্রিকেট মহলে খুশির খবর। শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরসাহেব মোহাম্মদ এবং সালুজা খাতুনের সুসন্তান, জেলার প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ ক্রিকেটার সোয়েল আখতার এবার বেঙ্গল অনূর্ধ্ব-১৬ (Bengal Under-16) ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। জেলার ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া মহলে এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

অল্প বয়স থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সোয়েল নিজেকে জেলার অন্যতম সম্ভাবনাময় বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় তার ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে। তারই স্বীকৃতি হিসেবে এবার রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ ট্রায়ালে ডাক পেল এই তরুণ ক্রিকেটার।

জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাস সোয়েলের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আখতারের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। ওর এই সুযোগ জেলার ক্রিকেটের জন্যও গর্বের বিষয়। আমরা আশা করি, সে ট্রায়ালে নিজের সেরাটা দিয়ে আরও বড় সাফল্য অর্জন করবে।”

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বেঙ্গল অনূর্ধ্ব-১৬ ট্রায়ালে সুযোগ পাওয়া যে কোনও তরুণ ক্রিকেটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই ট্রায়ালের মাধ্যমেই ভবিষ্যতের রাজ্য দলের ক্রিকেটারদের বাছাই করা হয়।

সোয়েলের এই সাফল্যে পরিবার, কোচ, সতীর্থ এবং জেলার ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বসিত। সকলের প্রত্যাশা, ট্রায়ালে ভালো পারফরম্যান্স করে উত্তর দিনাজপুরের নাম আরও উজ্জ্বল করবে এই উদীয়মান ক্রিকেটার।






