Explore

Search

May 25, 2026 12:19 am

IAS Coaching

উত্তরবঙ্গের কোথায় হবে AIIMS, রায়গঞ্জের আলোচনায় শুধু প্রিয়রঞ্জন আর প্রত্যাশা

#রায়গঞ্জঃ উত্তরবঙ্গের বহু প্রতীক্ষিত AIIMS-সমতুল্য হাসপাতাল ঘিরে ফের তীব্র চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, উত্তরবঙ্গের জন্য একটি AIIMS-এর ধাঁচে হাসপাতাল গড়ার দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার কাছে আবেদন জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই আশার আলো দেখতে শুরু করেন উত্তরবঙ্গের বহু মানুষ।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিতর্কের সূত্রপাত হয়। রাজ্যের ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, “AIIMS কোচবিহারেই হবে।” আর এই মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছেন রায়গঞ্জের সাধারণ মানুষ। শহরের বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ আন্দোলনের প্রস্তুতির কথা বলছেন, কেউ আবার রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চেয়ে আবেদন জানাচ্ছেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গ ও AIIMS-এর সম্পর্ক আজকের নয়। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর ইউপিএ সরকারের মন্ত্রী হন প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সী। তাঁর উদ্যোগেই রায়গঞ্জে AIIMS গড়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সেই সময় জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছিল।

কিন্তু ২০০৬ সালে বামফ্রন্ট বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরলেও, সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলনের আবহে রায়গঞ্জের পানিশালায় AIIMS-এর জন্য জমি অধিগ্রহণ আর সম্ভব হয়নি। এরপর ২০১১ সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় AIIMS প্রকল্পকে নিয়ে যান কল্যাণীতে।

২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি পশ্চিমবঙ্গে AIIMS তৈরির ঘোষণা করেন। ২০১৫ সালের মার্চ মাসে কল্যাণীর বসন্তপুরে স্থান চূড়ান্ত হয়। একই বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৭৫৪ কোটি টাকার অনুমোদন দেয়। ২০১৬ সালে নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ৫০ জন MBBS ছাত্রছাত্রীর ক্লাস শুরুর মাধ্যমে AIIMS কল্যাণী আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করে। পরে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি AIIMS কল্যাণীকে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন।

তবে উত্তরবঙ্গের মানুষের একাংশের মতে, AIIMS নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার স্মৃতি এখনও দগদগে। বিশেষ করে রায়গঞ্জবাসীর মনে ২০০৮-০৯ সাল থেকে যে প্রত্যাশা ও মানসিক আবেগ তৈরি হয়েছিল, তা আজও অটুট। শহরের বাসিন্দা বিউটি দাসের বক্তব্য, “যখন উত্তরবঙ্গে AIIMS হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন সেটি রায়গঞ্জে ফিরিয়ে এনে দুই দশকের মানসিক ক্ষতের অবসান ঘটানো উচিত।” অনিমেষ চক্রবর্তী বলেন, AIIMS রায়গঞ্জেই চাই। কবি যাদব চৌধুরী বলেন, AIIMS এর ধাঁচে হাসপাতাল চাই না, আমরা রায়গঞ্জে AIIMSই চাই।

শহরের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠক শুরু করেছে বলে খবর। কয়েকটি সামাজিক সংগঠন আন্দোলনের ইঙ্গিতও দিয়েছে। অন্যদিকে, অনেকেই চাইছেন রাজনৈতিক সংঘাত নয়, বরং ঐক্যবদ্ধ দাবি ও যুক্তির ভিত্তিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে রায়গঞ্জের পক্ষে সওয়াল করা হোক। বর্তমানে শহরজুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — উত্তরবঙ্গের AIIMS তাহলে কোথায়? রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, না কোচবিহার?

Advertisement
Live Cricket Score
upskillninja