Explore

Search

August 7, 2026 3:13 pm

IAS Coaching

বেহাল পরিকাঠামোয় অমিল পর্যটক, ইকো পার্কের গেটে ধান শুকোচ্ছেন গ্রামবাসীরা

#রায়গঞ্জঃ একসময় জেলার অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল ইকো পার্ককে ঘিরে। কিন্তু বর্তমানে সেই পার্কের চিত্র সম্পূর্ণ উল্টো। বেহাল পরিকাঠামো, অযত্ন এবং রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে পার্ক চত্বর। এমনকি পার্কের মূল গেটের সামনেই এখন ধান শুকোতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রামবাসীদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে প্রয়োজনীয় সংস্কার হয়নি। বহু জায়গায় ভেঙে গিয়েছে বসার জায়গা, নষ্ট হয়ে রয়েছে আলোকসজ্জা। আগাছায় ঢেকে গিয়েছে পার্কের একাংশ। শিশুদের খেলাধুলার সরঞ্জামও অচল অবস্থায় পড়ে রয়েছে। ফলে দূরদূরান্ত থেকে আর পর্যটকরা আসছেন না বলেই দাবি এলাকাবাসীর।

রবিবার সকালে পার্ক এলাকায় গিয়ে দেখা যায়, প্রবেশদ্বারের সামনেই রাস্তার অংশে ধান শুকোচ্ছেন কয়েকজন গ্রামবাসী। স্থানীয় রবিন মন্ডলের বক্তব্য, পর্যটকদের আনাগোনা না থাকায় পার্ক এলাকা এখন কার্যত ফাঁকাই পড়ে থাকে। সেই কারণেই তাঁরা জায়গাটি ব্যবহার করছেন।

টিকিট ঘরের দায়িত্বে থাকা মিঠু মন্ডলের কথায়, “কয়েক বছর আগে ছুটির দিনে এখানে মানুষের ভিড় থাকত। ভোটের পর এখন কাউন্টার খুললেও বসে থাকতে হয়। পর্যটক খুব কম আসছে।

এলাকাবাসীদের পক্ষে মনু মন্ডলের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পার্ক সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে নতুন কিছু ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। না হলে জেলার এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ধীরে ধীরে সম্পূর্ণ গুরুত্ব হারাবে বলেই আশঙ্কা স্থানীয়দের।

স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলি বলেন, ওই পার্কটি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ হয়। লিজও ওরাই দেয়। পার্কটির পরিকাঠামো উন্নত করতে কিছুদিন আগে পরিদর্শন করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে এলে কথা বলব।

Advertisement
Live Cricket Score
upskillninja