Explore

Search

May 6, 2026 8:32 pm

IAS Coaching

একধাক্কায় লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা, যাত্রী পরিবহন শিল্পে লোকসানের ঝুঁকি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ নির্বাচন পরবর্তী সময়ে হঠাৎ করেই বড়সড় মূল্যবৃদ্ধির ধাক্কা খেল পরিবহন শিল্প। ডিজেলচালিত বাস ও ট্রাকের জন্য অত্যাবশ্যকীয় ডিইএফ (DEF – Diesel Exhaust Fluid)-এর দামে এক লাফে লিটার প্রতি প্রায় ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে পরিবহন মহলে।

উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওউনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে প্লাবন প্রামাণিক বলেন, অশোক লেল্যান্ড কোম্পানির ডিইএফ, যা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তার দাম ৫ই মে থেকে ১৩১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৩৫ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৪২০ টাকা বৃদ্ধি, যা প্রতি লিটারে প্রায় ২০ টাকার বেশি বৃদ্ধি হিসেবে ধরা হচ্ছে।

পরিবহন ব্যবসায়ীদের বক্তব্য, জ্বালানির দাম আগেই উচ্চস্তরে রয়েছে। তার ওপর এই অতিরিক্ত খরচ বহন করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ডিইএফ ব্যবহার বাধ্যতামূলক হওয়ায় এটি এড়ানোরও কোনও উপায় নেই। ফলে বাস ও ট্রাক মালিকদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। রায়গঞ্জের এক বাস মালিক জানান, “প্রতিদিনের অপারেশন খরচ বাড়ছে, কিন্তু ভাড়া সেইভাবে বাড়ানো যাচ্ছে না। এতে লোকসানের ঝুঁকি তৈরি হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, পরিবেশ রক্ষার জন্য ডিইএফ ব্যবহার অত্যন্ত জরুরি হলেও এর লাগামছাড়া মূল্যবৃদ্ধি পরিবহন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে পণ্য পরিবহন খরচ ও যাত্রীভাড়ার উপরও।

এই পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ ও মূল্য নিয়ন্ত্রণের দাবি তুলেছেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। না হলে আগামী দিনে এই মূল্যবৃদ্ধির চাপ সরাসরি সাধারণ মানুষের উপর পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja