
#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরে ঢোকার মুখে ‘বটতলা’ নামে পরিচিত একটি প্রাচীন বট গাছ কেটে বসতি তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, বহু বছরের ঐতিহ্যবাহী এই গাছ ধ্বংসের মুখে পড়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।

অভিযোগ, সম্প্রতি এক ব্যক্তি বনদপ্তরের অনুমতি ছাড়াই ওই বট গাছের একাধিক ডালপালা কেটে সেখানে বসতি তৈরির কাজ শুরু করেছেন। বিষয়টি সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হন।

এলাকার বাসিন্দা মদন দাস, টুম্পা দাস, পদ্মা বর্মন, আশীষ দাস ও তুষার দাস সহ একাধিক ব্যক্তি রায়গঞ্জ বন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, দ্রুত পদক্ষেপ করে এই প্রাচীন গাছটি রক্ষা করা হোক।

গ্রামবাসীদের কথায়, টাঙ্গন নদীর ধারে অবস্থিত এই বট গাছটি শুধুমাত্র একটি গাছ নয়, এটি এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রায় ২৫০ বছরের পুরোনো এই গাছ স্থানীয় পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাঁদের আশঙ্কা, গাছটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে টাঙ্গন নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করতে পারে, যার ফলে ক্ষতিগ্রস্ত হবে আশপাশের বিস্তীর্ণ এলাকা। যদিও এখনও পর্যন্ত বনদপ্তরের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।






