#মালবাজার: মালবাজার বিধানসভার মধ্যে রয়েছে ১২টি গ্রাম পঞ্চায়েত এবং মালবাজার পৌরসভা। ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি তৃনমুল কংগ্রেসের দখলে রয়েছে ১টি বিজেপির দখলে। মালবাজার পৌরসভার ১৫টি আসনের মধ্যে ১৪টি তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে। এসব সত্বেও গত কয়েকটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভালোই টক্কর হয়েছে। 

মাল পৌর এলাকায় গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান থেকে দেখা বিজেপি প্রায় ৩৬০০ ভোটে এগিয়ে ছিল। তার আগে বিধানসভা নির্বাচনেও এগিয়ে ছিল। পৌর ভোটে একাধিপত্য থাকলেও বিধানসভা ও লোকসভা ভোটে কিন্তু পিছিয়ে থেকেছে। এবার বিধানসভা ভোটে লিড আনতে রীতিমতো টিম ওয়ার্ক করে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস।

এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে মাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলিন গোলদার বলেন, এবার মালবাজার শহরে লিড আনতে আমাদের জেলা সভানেত্রী মহুয়া গোপ এবং মাল বিধানসভার পর্যবেক্ষক চন্দন ভৌমিকের উপস্থিতিতে বিশেষ সভা হয়। সেই সভায় কাউন্সিলরদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন সাহাকে ১,৩,১০ নম্বর ওয়ার্ডে, আমাকে দেওয়া হয়েছে ২,১১,১২ নম্বর।

এই রকম ভাবে সমস্ত কাউন্সিলের দায়িত্ব ভাগ করে। তাদের সাহায্য করবেন দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা। এইরকম ভাবে আমরা সম্মিলিত ভাবে প্রচারে অংশ নেব। আমাদের বিশ্বাস এবার আমাদের প্রার্থী বুলু চিকবড়াইক বিরাট ব্যবধানে জিতবে এবং মালবাজার শহরে আমরা লিড দেব।








