
#আনন্দ ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬ মরসুমে সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বিতে ঐতিহাসিক পারফরম্যান্স দেখিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল এফসি। এই জয়টি দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়, পাশাপাশি আইএসএল ইতিহাসেও যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানের জয়—২০১৫ সালে এফসি গোয়ার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৭-০ জয়ের সমান।

এই ফলাফলের ফলে ‘রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড’ ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে এল, অন্যদিকে মহামেডান এসসি পাঁচ ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি এবং টেবিলের নিচের দিকে রয়ে গেল। দুর্দান্ত পারফরম্যান্স এবং জোড়া গোলের জন্য আনোয়ার আলি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। ষষ্ঠ মিনিটে সেন্টার-ব্যাক আনোয়ার আলির বাম প্রান্ত থেকে নেওয়া দূরপাল্লার শটে মহামেডানের গোলকিপার পদম ছেত্রি বল মিস করেন এবং তা জালে জড়িয়ে যায়—ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০।১৪ মিনিটে বক্সের মধ্যে মিগুয়েল ফিগেইরাকে ফাউল করেন সজ্জাদ হোসেন, ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ইউসুফ এজেজ্জারি নির্ভুল শটে গোল করে ব্যবধান বাড়িয়ে করেন ২-০।

এরপরও আক্রমণ চালিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৯ মিনিটে মহামেডানের ফরোয়ার্ড এমডি ফারদিন সুযোগ পেলেও তার শট সহজেই বাঁচান প্রভসুখন গিল। ম্যাচ আরও একপেশে হয়ে ওঠে যখন মহামেডানের ডান-ব্যাক জোসেফ লালমুয়ানাওমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই ফাউল থেকেই পাওয়া পেনাল্টি থেকে ৩৮ মিনিটে গোল করেন অধিনায়ক সাউল ক্রেসপো—স্কোরলাইন হয় ৩-০।

বিরতির আগে চতুর্থ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু পিভি বিষ্ণুর শট ক্রসবারে লাগে। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধেও একই চিত্র বজায় থাকে। ৫৪ মিনিটে তৃতীয় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এজেজ্জারি—একই ম্যাচে তিনটি পেনাল্টি থেকে গোল করার নজির গড়ে ইস্টবেঙ্গল। ১০ জনের দল নিয়েও লড়াইয়ের চেষ্টা করে মহামেডান, তবে ৬৮ মিনিটে জুয়েল মজুমদারের কাছ থেকে সুযোগ নষ্ট হয়। অন্যদিকে ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ চালিয়ে যায়।

৭৫ মিনিটে কর্নার থেকে পিভি বিষ্ণুর গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। চার মিনিট পর মহেশ নাওরেমের পাস থেকে আনোয়ার আলি নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন করেন ৬-০। অবশেষে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে পরিবর্ত খেলোয়াড় নন্দ কুমার গোল করে ম্যাচের ফলাফল নিশ্চিত করেন—৭-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পায় ইস্টবেঙ্গল।

আন্তর্জাতিক বিরতির পর ৩ এপ্রিল, ২০২৬-এ আইএসএল আবার শুরু হবে। মেহরাজউদ্দিন ওয়াডোর দল সেই ম্যাচে নয়াদিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে, যারা বর্তমানে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে। স্কোরলাইন: ইস্টবেঙ্গল এফসি – ৭ (আনোয়ার আলি ৬’, ৭৯’, ইউসুফ এজেজ্জারি ১৪’ (পেনাল্টি), ৫৪’ (পেনাল্টি), সাউল ক্রেসপো ৩৮’ (পেনাল্টি), পিভি বিষ্ণু ৭৫’, নন্দ কুমার ৯০’+৬) মহামেডান এসসি – ০








