Explore

Search

August 7, 2026 12:10 pm

IAS Coaching

ডার্বিতে বাগানের ঝড়, মহমেডানকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষে সবুজ-মেরুন

#আনন্দ ব্যানার্জী, কলকাতা: আইএসএল ২০২৫-২৬ মরসুমের বহুল প্রতীক্ষিত মিনি ডার্বিতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় পূর্ণ গ্যালারির সামনে দুরন্ত পারফরম্যান্সে বড় জয় তুলে নিল মোহন বাগান সুপার জায়ান্ট। তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বী মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলের ব্যবধানে পরাস্ত করে লিগ তালিকার শীর্ষস্থানে উঠে গেল সবুজ-মেরুন শিবির।

ম্যাচের শুরুটা ছিল নাটকীয়। ১২ মিনিটে বাম দিক থেকে ভেসে আসা ক্রসে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন লালথাঙ্কিমা। অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়ে মুহূর্তের জন্য চাপে পড়ে যায় মোহনবাগান। তবে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতার জোরে দ্রুত ম্যাচে ফেরে তারা। ২২ মিনিটে বক্সের ভেতর সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান তারকা রবসন আজেভেদো। মাত্র চার মিনিট পরেই ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে সবুজ-মেরুনদের চাপ আরও বাড়ে। ৩৫ মিনিটে জেমি ম্যাকলারেন নিখুঁত ফিনিশে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ শানালেও ব্যবধান আর বাড়াতে পারেনি মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে খেলার রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় সার্জিও লোবেরার দল। মাঝমাঠে দিমিত্রি পেত্রাতোসের নিয়ন্ত্রণ এবং উইং দিয়ে দ্রুত আক্রমণে মহামেডানের রক্ষণ বারবার চাপে পড়ে। ৬২ মিনিটে মনবীর সিং-এর হেডে চতুর্থ গোলটি আসে। ৭০ মিনিটে পেত্রাতোস নিজেই গোল করে জয় নিশ্চিত করেন। শেষদিকে মহামেডান আক্রমণে ঝাঁপালেও মেরিনার্সদের রক্ষণ আর গোলরক্ষক দৃঢ়তা দেখান। ম্যাচের সেরা নির্বাচিত হন দুই গোলদাতা রবসন আজেভেদো।

এই জয়ের ফলে তিনটি ম্যাচ খেলে ৯ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে উঠে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, লড়াকু সূচনা সত্ত্বেও রক্ষণভাগের দুর্বলতা এবং সুযোগ নষ্ট করার খেসারত দিয়ে বড় ব্যবধানে হারতে হল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। কলকাতার ফুটবলমঞ্চে আরেকটি উত্তেজনাপূর্ণ ডার্বির সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন।

Advertisement
Live Cricket Score
upskillninja