#মালবাজার: দোল মানেই রঙের খেলা। আর মাত্র দু’দিন বাদে রংয়ের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। আট থেকে আশি সবাই বসন্তের রং মেখে উৎসব পালন করবেন। দুদিন বাদে দোল হলেও শনিবার মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগানের অঙ্গনওয়াড়ি সেন্টারের মাঠে কচি কাচাদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠলো জি এইচ পি পিস ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।

নাচ গানের মধ্যে দিয়ে লাল নীল হলুদ সবুজ রং মেখে বসন্ত উৎসব পালন করা হলো। দোলের প্রাক্কালে এই রংয়ের খেলায় বেজায় খুশি কচিকাঁচারা। রং খেলার পর দুপুরে কচিকাঁচাদের জন্য ছিল মধ্যাহ্ন আহারের ব্যবস্থা। মেনুতে ছিল ডিম বিরিয়ানি। স্বেচ্ছাসেবী সংস্থার সভানেত্রী দীপিকা বন্দো ও সম্পাদক বিন্দু শর্মা জানান, আমরা সারা বছর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে থাকি। প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে চিকিৎসা শিবির করি।

আজ দোলের প্রাক্কালে এই চা বাগানের ছোট ছোট শিশুদের দোল খেলার ব্যবস্থা করেছিলাম। গত একমাস ধরে এই চা বাগান বন্ধ ছিল গত ২৫ তারিখ থেকে আবার খুলেছে। গান খোলাতে শ্রমিকদের খুশি দেখা গেছে। আজ শিশুদের মধ্যে আনন্দ বন্টন করলাম। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বিদেশ বসু, সুশান্ত ঘোষ ও সংস্থার কর্মী শম্পা সরকার, পম্পা রায়, তানিয়া হালদার, দেবযানী পাল প্রমুখ।






