Explore

Search

June 23, 2026 5:15 am

IAS Coaching

বিশ সাল বাদ, কাঠমান্ডু–লাসা সরাসরি বাস পরিষেবা ফের চালু উচ্ছ্বাসিত নেপাল–চিন সহ পর্যটন শিল্প


#কাঠমান্ডুঃ দীর্ঘ প্রায় দুই দশক পর ফের চালু হতে চলেছে কাঠমান্ডু–লাসা সরাসরি বাস পরিষেবা। নেপাল–চিন যৌথ বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২০ ও ২১ জানুয়ারি চিনের লাসায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, পরিবহণ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই বাস পরিষেবা চালুর নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে। লাসায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল লক্ষ্মী প্রসাদ নিরৌলা জানান, আগে নানা সমস্যার কারণে এই পরিষেবা বন্ধ হয়ে গেলেও এবার নতুন করে তা চালুর বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২০ বছর আগে স্বল্প সময়ের জন্য কাঠমান্ডু–লাসা বাস পরিষেবা চালু হয়েছিল। কিন্তু কাঠমান্ডু–তাতোপানি সড়কের খারাপ অবস্থা এবং জটিল ভিসা প্রক্রিয়ার কারণে তা স্থগিত হয়ে যায়। এবার সেই ভিসা সংক্রান্ত জটিলতা সহজ করার দিকেও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রায় ১,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথ তাতোপানি হয়ে অতিক্রম করা হবে। কাঠমান্ডু থেকে লাসা পৌঁছতে আনুমানিক ২০ থেকে ২২ ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়েছে। এই পরিষেবা চালু হলে নেপাল ও চিনের মধ্যে পর্যটন ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও বৈঠকে সীমান্ত পরিবহণ চুক্তি বাস্তবায়ন, শুল্ক প্রক্রিয়া সহজীকরণ, বাণিজ্য পরিকাঠামো উন্নয়ন, এবং দুর্যোগকালীন যানবাহন চলাচল সংক্রান্ত বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বাস পরিষেবা পুনরায় চালু হওয়া নেপাল–চিন সম্পর্ককে নতুন গতি দেবে।

Advertisement
Live Cricket Score
upskillninja