Explore

Search

June 23, 2026 7:57 am

IAS Coaching

শামি-শাহবাজ ঝড়ে বিপর্যস্ত গুজরাট

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: বাংলার আকাশে যখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তখন ইডেন গার্ডেন্সের সবুজ মাঠে মহম্মদ শামি ও শাহবাজ আহমেদের বোলিং ঝড়ে ভেঙে পড়লো গুজরাটের ব্যাটিং লাইন আপ। ইডেনে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির এলিট গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলা বনাম গুজরাটের চতুর্থ এবং শেষ দিনে গুজরাটকে ১৪১ রানে হারিয়ে আরো ৬টি পয়েন্ট পেলো বাংলা। গ্রুপ লীগের পরপর দুটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট অর্জন করে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।

গতকালের ৬ উইকেটে ১৭০ রান নিয়ে আজকে দিনের শুরুতেই সিদ্ধার্থ দেশাইয়ের বলে আউট হন সুরজ জয়সওয়াল। অনুষ্টুপ মজুমদার তার ব্যক্তিগত ৫৮ রানের মাথায় বিশাল জয়সওয়ালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। এরপর আকাশদীপের ১৮ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংসে বাংলার রানসংখ্যা গিয়ে দাঁড়ায় ৮ উইকেটের বিনিময় ২১৪ রান। দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানের লিড নিয়ে বাংলা গুজরাটকে ব্যাটিং করতে নামায়। ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের প্রথম বলে মহম্মদ শামির শিকার হন অভিষেক দেশাই।

উরভিল প্যাটেল (১০৯*) এবং জয়মিত প্যাটেলের (৪৫) যুগলবন্দিতে কিছুটা ছন্দে ফেরে গুজরাট। প্রথম ইনিংসে অনবদ্য বোলিং পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ৬০ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। অন্যদিকে বাংলার বোলিং আক্রমণের মূল কান্ডারি মহম্মদ শামি মাত্র ১০ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। ইডেনের মাঠে ব্যাট-বলের যুদ্ধে অবশেষে ১৮৫ রানে শেষ হয়ে যায় গুজরাটের দ্বিতীয় ইনিংস।

দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন শাহবাজ আহমেদ। এই জয়ের সুবাদে বাংলা তাদের ঘরে তুলে আনলো আরো ৬টি পয়েন্ট। রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে ১লা নভেম্বর মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে (আগরতলা) ত্রিপুরার মুখোমুখি হবে বাংলা। নিজেদের ঘরের মাঠে পরপর দুটি জয় বাংলার ক্রিকেটারদের মনোবল বাড়িয়ে তুলেছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকবে আরো একটি অনবদ্য পারফরম্যান্সের।

Advertisement
Live Cricket Score
upskillninja