Explore

Search

June 23, 2026 7:58 am

IAS Coaching

বাংলার দাপুটে বোলিংয়ের সামনে গুজরাটের ব্যাটিং বিপর্যয়

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: ইডেনে অনুষ্ঠিত দ্বিতীয় রঞ্জি ট্রফির ম্যাচে গতকাল দ্বিতীয় দিনের শুরুতেই বাংলা ধাক্কা খায়। ৭ উইকেটে ২৪৪ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই সুমন্ত গুপ্ত তার ব্যক্তিগত ৬৩ রানের মাথায় গুজরাটের উইকেটরক্ষক উরভিল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। ব্যক্তিগত ২৯ রানের মাথায় আর্য দেশাইয়ের একটি অসামান্য ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হয় আকাশদীপকে। ৮০.৪ ওভারে ২৭৯ রানে বাংলার প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মহম্মদ শামির বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যান অভিষেক দেশাই। এরপরই ব্যক্তিগত ৮ রানের মাথায় আকাশদীপের বলে আউট হয়ে যান আর্য দেশাই এবং শামির দ্বিতীয় শিকার হন সিদ্ধার্থ দেশাই তার ব্যক্তিগত স্কোর ১৯ রানের মাথায়। মনন হিঙ্গরাজিয়া এবং উমং কুমারের পার্টনারশিপে গুজরাট তাদের দ্বিতীয় দিনের প্রথমার্ধের খেলা ৩ উইকেট হারিয়ে ৫৩ রানে শেষ করে। লাঞ্চের পরেই শাহবাজ আহমেদের অবিশ্বাস্য স্পেলে খেলার মোড় সম্পূর্ণ ঘুরে যায়। শুরু হয় গুজরাটের ব্যাটিং বিপর্যয়।

শাহবাজের বলে একে একে প্যাভিলিয়নে ফেরত যান উমং কুমার (১৮), জয়মীত প্যাটেল (০), উরভিল প্যাটেল (১৫) ও বিশাল জয়সওয়াল (০)। দ্বিতীয় দিনের শেষে গুজরাটের ঝুলিতে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান। শাহবাজ তার ব্যক্তিগত বোলিং স্পেলে ১১.৩ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। গুজরাট দলের অধিনায়ক মনন হিঙ্গরাজিয়া ১৬৩ বল খেলে ৪১ রানে অপরাজিত আছে।

ফলো-অন বাঁচাতে তাদের প্রয়োজন ২২ রান। প্রথম ইনিংসে ১৭২ রানে পিছিয়ে থেকে আজ তারা শুরু করবে তাদের ফলো-অন বাঁচানোর লড়াই , আর অন্যদিকে বাংলার বোলারদের প্রথম লক্ষ্য হবে বাকি তিনটি উইকেটের। বাংলার সামনে আরো একটা জয়ের হাতছানি দিচ্ছে ইডেন। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন তাদের সমর্থিত দলের দ্বিতীয় জয়ের অপেক্ষায়।

Advertisement
Live Cricket Score
upskillninja