
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরে জল জমে যাওয়ার অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে যখন চাপানউতোর চলছে, ঠিক সেই সময় গৌরী অঞ্চলের মানুষ ক্ষোভ উগরে দিলেন বহু প্রতিশ্রুত “পাড়ারপুকুর ব্রিজ” নিয়ে। স্থানীয়দের দাবি, টানা আট-ন’ বছর ধরে এই ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের নামগন্ধ নেই।

স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য রেজাউল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিধায়করা চার-চারবার এসে পাড়ারপুকুর ব্রিজ পরিদর্শন করেছেন। প্রতিবারই আশ্বাস দিয়েছেন, কাজ শিগগিরই শুরু হবে। কিন্তু আজও কাজ শুরু হয়নি। রায়গঞ্জ শহরে কয়েক ঘণ্টা জল জমলেই হইচই পড়ে যায়। অথচ আমাদের অঞ্চলের মানুষ পাঁচ বছর ধরে শুধু প্রতিশ্রুতিই পাচ্ছেন।”

অভিযোগের সুর আরও তীব্র করেছেন এলাকার বাসিন্দা তৈমুর আলি। তিনি বলেন, “এই ব্রিজ না থাকায় প্রতিদিন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে সমস্যা চরমে ওঠে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই বিপাকে পড়ছেন। আমরা শুধু প্রতিশ্রুতিই শুনছি, বাস্তবে কোনো পদক্ষেপ হচ্ছে না।”

স্থানীয় পঞ্চায়েত প্রধান রুমা পারভীনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ এগোয়নি। তাঁর বক্তব্য, “উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন না আসায় কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।” গৌরী অঞ্চলের মানুষের একটাই দাবি—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ব্রিজ নির্মাণ শুরু হোক। তাদের কথায়, “আমরা প্রতিশ্রুতি চাই না, কাজ চাই।”








