
#নিউজ ডেস্কঃ রেলযাত্রীদের জন্য উৎসবের মরশুমে বড় সুখবর দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রেল মন্ত্রক চালু করল নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’ স্কিম, যার আওতায় ফিরতি টিকিটে মিলবে ২০ শতাংশ ছাড়। রেলের জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, একই সঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করলে এই সুবিধা পাবেন যাত্রীরা।

রেলের নিয়ম অনুযায়ী, উভয় টিকিটে যাত্রীর নাম একই হতে হবে এবং শ্রেণিও এক থাকতে হবে। আগামী ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই ছাড়। বুকিং শুরু হবে ১৪ অগস্ট থেকে এবং চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। যাত্রা শুরুর দিন হতে হবে ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে, আর ফেরার যাত্রা ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে।

এই প্যাকেজের বিশেষ শর্ত হল—শুধুমাত্র কনফার্ম টিকিটে মিলবে ছাড়, কোনও পরিবর্তন বা রিফান্ডের সুযোগ থাকবে না, এবং অন্য কোনও অফার প্রযোজ্য হবে না। দেশের সব ট্রেন ও সব শ্রেণিতে এই সুবিধা পাওয়া যাবে, তবে টিকিট অবশ্যই একই সময়ে বুক করতে হবে। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই এই বুকিং সম্ভব। রেল মন্ত্রক জানিয়েছে, উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের সুবিধার্থে এই পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যা ভবিষ্যতে স্থায়ী ব্যবস্থার পথ খুলে দিতে পারে।









