Explore

Search

June 23, 2026 7:52 am

IAS Coaching

সোমবারও হল না ডি.এ. মামলার শুনানি, মঙ্গলবার সকালেই শুনানি শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের

#নতুন দিল্লিঃ আবারও পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। সোমবার, ৪ অগস্ট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। অবশেষে মঙ্গলবার, ৫ অগস্ট সকালে শুনানি হবে বলে জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি করবেন।

এর আগে গত ১৬ মে, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি। এই অবস্থায়, সোমবার ছিল এই মামলার পরবর্তী শুনানির দিন। কিন্তু মামলার বিস্তার ও গুরুত্বের কথা মাথায় রেখে আদালত জানায়, পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন, এবং যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি হওয়া দরকার।

বিচারপতিরা জানান, “এই মামলার সঙ্গে বহু সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই প্রয়োজন ধারাবাহিক এবং পূর্ণাঙ্গ শুনানি।” রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কোনও নির্দিষ্ট টাকার অঙ্ক নির্ধারণ করেনি। তাই হিসেবনিকেশে কিছুটা সময় লাগছে। এই যুক্তিতে রাজ্যের তরফে একটি আবেদনপত্রও জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে।

আদালত সমস্ত দিক বিবেচনা করে জানিয়ে দেয়, মঙ্গলবার সকাল থেকে শুনানি শুরু হবে, প্রয়োজনে প্রতিদিন চলবে শুনানি। এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর্মীরা। এই মামলার রায়ই নির্ধারণ করবে, কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। আদালতের পরবর্তী সিদ্ধান্ত ঘিরে এখন রাজ্যজুড়ে বাড়ছে প্রত্যাশা ও উত্তেজনা।

Advertisement
Live Cricket Score
upskillninja