#মালবাজার: আবারো চালকের তৎপরতায় ডুয়ার্সের রেলপথে বাঁচলো এক বুনো হাতি প্রাণ। রেল সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি অভিমুখে এদিন বিকেল বেলা টুরিস্ট ট্রেন চালিয়ে যাচ্ছিলেন লোকো চালক বিশ্বজিৎ সরকার ও সহকারি লোকো চালক মনোহর কুমার। চালসা ও নাগরাকাটার মাঝে চাপড়ামারি বনাঞ্চলের মাঝে হঠাৎ তারা লক্ষ্য করেন একটি বিশালকায় বুনো হাতি রেল লাইনের ধারে চরে বেরাচ্ছে।

এই ঘটনা নজরে আসতেই আপদকালীন ব্রেক কসে দুই চালক ট্রেন থামিয়ে দেন এবং হুইসেল বাজাতে থাকেন। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে হাতিটি জঙ্গলের ভেতর ঢুকে যায়। হাতি বনের ভিতর চলে গেলে আবার চালক দুইজন ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেন। চালকদের এই তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জন্য তাদের রেল দপ্তর থেকে অভিনন্দন জানানো হয়েছে।










