Explore

Search

August 7, 2026 12:43 pm

IAS Coaching

খেলার মাঠ ফেরালেন পঞ্চায়েত প্রধান, খুশি গ্রামবাসীরা


#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন জমি দখল নিয়ে অভিযোগের পাহাড়, তখন এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন রায়গঞ্জ ব্লকের মহীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক বর্মন। বুধবার দুপুরে পেশাদার আমিন ডেকে সার্ভে করিয়ে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে খেলার মাঠটি দখলমুক্ত করলেন তিনি। প্রায় ২ একরেরও বেশি জমি ফেরত এল গ্রামবাসীদের হাতে।

জানা গেছে, মহীপুর গ্রাম পঞ্চায়েতের ওই মাঠটিতে আগে প্রতিদিন খেলাধুলা ও শরীরচর্চা করতেন এলাকার যুবকরা থেকে শুরু করে বয়স্করাও। কিন্তু বিগত কয়েক বছর ধরে মাঠটির চারপাশে অবৈধভাবে গড়ে উঠেছিল একাধিক বসবাসের কাঠামো ও বেআইনি দখলদারি। এতে মাঠের আকার সংকুচিত হয়ে পড়ে। পঞ্চায়েত প্রধান দীপক বর্মন বলেন, “এই মাঠটি গ্রামের প্রাণকেন্দ্র। সার্ভে করে অবৈধ দখল সরিয়ে আজ মাঠটি গ্রামের হাতে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।”

এমন সাহসী এবং জনবান্ধব পদক্ষেপে খুশি গ্রামবাসীরাও। স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, “আমরা ভাবতেই পারিনি আবার মাঠে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারবে। পঞ্চায়েত প্রধানকে কৃতজ্ঞতা জানাই।” এই ঘটনার পর গ্রামে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ। প্রশাসনিক সততা ও দায়বদ্ধতার এমন নজির রাজ্যের অন্যত্রও দৃষ্টান্ত হয়ে উঠুক, চাইছেন সকলে।

Advertisement
Live Cricket Score
upskillninja