
নিউজ ডেস্কঃ বুধবার সকাল ১০টা ২৪ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী কামচাটস্কি, রাশিয়া), উত্তর-পূর্ব এশিয়ার ভূ-প্রবণ অঞ্চলে কেঁপে উঠল মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮, যা ‘বিগওয়ান’ বা অতিভয়াবহ ভূকম্পন হিসেবে চিহ্নিত।


ভূমিকম্পটি অনুভূত হয় রাশিয়ার সাখালিন ও কামচাটস্কি প্রদেশ, পাভলোভস্কি অঞ্চল, কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের হোক্কাইডো দ্বীপে।

এই ভয়াবহ কম্পনের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশে, যার গভীরতা ছিল প্রায় ২০ কিলোমিটার। ফলে এই ভূমিকম্প থেকে মারাত্মক সুনামি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে


জাপানের আবহাওয়া দপ্তর ও রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থাগুলি ইতিমধ্যেই কুরিল দ্বীপপুঞ্জ, হোক্কাইডো এবং আশেপাশের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, কম্পনের পর বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং তা উপকূলের দিকে ধেয়ে আসছে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলি সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। উপকূলবর্তী এলাকাগুলিতে লোকজনকে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।
বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার ভূমিকম্প সাধারণত ব্যাপক ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষত যদি তার উৎপত্তি সমুদ্রতলে হয় এবং পরবর্তী সুনামি আছড়ে পড়ে।
উল্লেখযোগ্যভাবে, ভূমিকম্পের পরে আফটারশকেরও আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক স্তরে নজরদারি চালাচ্ছে একাধিক দেশের ভূতাত্ত্বিক ও বিপর্যয় মোকাবিলা সংস্থা।
আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।



