
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রূপাহার হাট এই অঞ্চলের অন্যতম বৃহত্তম হাট হিসেবে পরিচিত। প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা। তবে সাম্প্রতিককালে হাট পরিচালনা নিয়ে প্রশাসনের উদাসীনতায় রাস্তার ওপরেই চলছে ব্যবসা, এতে ভোগান্তি চরমে উঠেছে বলে অভিযোগ সাধারন মানুষের।

বুধবার সকাল থেকেই মূল সড়ক দখল করে বসে হাটের দোকানপাট। সবজি, ফল, মাছ-মাংস থেকে শুরু করে পোশাক ও গৃহস্থালির সামগ্রী বিক্রি হয় খোলা রাস্তায়। ফলে যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকে আসা বহু ক্রেতা এবং বিক্রেতা রাস্তার ওপরই ভিড় জমায়, যার ফলে ট্রাফিক ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে।

স্থানীয় বাসিন্দা সমর সরকারের অভিযোগ, এই সমস্যা বহুদিন ধরে চললেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। হাটের বিক্রেতারা জায়গার অভাবে রাস্তার ওপর বসতে বাধ্য হচ্ছেন বলে দাবি করলেও, সাধারণ মানুষ নিরাপত্তা ও চলাচলের সমস্যায় পড়ছেন প্রতিনিয়ত।

এক স্থানীয় বাসিন্দা সোমনাথ সরকার জানান, প্রতি সপ্তাহে এই হাটের জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হয়। জরুরি কাজে বেরোতেও ভয় লাগে। প্রশাসন জানে, তবু কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অন্যদিকে, হাট কমিটির সম্পাদক মনীন্দ্র সরকার বলেন, আমরা অনেকবার প্রশাসনের কাছে স্থায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। হাটের জায়গার অভাব আমাদের বাধ্য করছে রাস্তার ওপর দোকান বসাতে।

এ বিষয়ে বীরঘই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকল্প জায়গায় হাট স্থানান্তরের পরিকল্পনা করেছে ব্লক প্রশাসন। তবে কবে সেই পরিকল্পনা কার্যকর হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। স্থানীয় মানুষজন দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






