
#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহারঃ উত্তরবঙ্গের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী শিল্প গমীরা মুখা নাচ এবার পৌঁছে যাচ্ছে আরও বৃহত্তর মঞ্চে। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের অধীন সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ICCR (Indian Council for Cultural Relations)-এর আমন্ত্রণে কলকাতায় গমীরা মুখা নাচের গল্প, ঐতিহ্য এবং নৃত্য-উপস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পেল দিনাজপুর গমীরা মুখা অ্যাকাডেমি (মাঙ্গলিকা)। শিল্পীদের এই সুযোগকে উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১১ অক্টোবর, রবিবার কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার, ICCR-এ অনুষ্ঠিত হবে “The Living Mask of Dinajpur: Gomira” শীর্ষক বিশেষ অনুষ্ঠান। ঠাকুরবাড়ির শারদোৎসব ২০২৬-এর বিশেষ পর্ব হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন। ICCR-এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার, কলকাতার উদ্যোগে এবং Tagore and Tagore Arts and Culture Foundation-এর সহযোগিতায় অনুষ্ঠানটি হবে।

প্রথমে থাকবে ‘মঙ্গল মুখা’—ঐতিহ্যবাহী স্বাগত নৃত্য। এরপর সন্ধ্যায় গবেষক ড. অভিজিৎ চৌধুরী-র ‘মুখোশের গল্প’ শীর্ষক চিত্র-সহ উপস্থাপনা। গমীরা মুখোশের ইতিহাস, লোকবিশ্বাস, নির্মাণশৈলী এবং সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে থাকবে এই পর্ব। এরপর ‘রূপান্তর—From Mask to Movement’ শীর্ষক গমীরা মুখা নাচ পরিবেশন করবে দিনাজপুর গমীরা মুখা অ্যাকাডেমি (মাঙ্গলিকা)। পাশাপাশি থাকছে গমীরা মুখোশের প্রদর্শনী ‘মুখোশের ঘর—The Gallery of Faces’, কাঠ থেকে মুখোশ তৈরির সরাসরি প্রদর্শন ‘মুখা গড়ার কথা—From Wood to Face’ এবং মুখোশ পরিহিত শিল্পীদের বহিরাঙ্গন পরিবেশনা ‘মাটির অঙ্গনে মুখা—Back to the Earth’।

ICCR-এর মতো আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মঞ্চে গমীরা মুখা নাচের এই উপস্থাপনার সুযোগ পাওয়াকে শিল্পীরা বিশেষ সম্মানের বলে মনে করছেন। এর মাধ্যমে দিনাজপুর তথা উত্তরবঙ্গের লোকসংস্কৃতি বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিসরে পরিচিত হওয়ার নতুন সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

গবেষক ড. অভিজিৎ চৌধুরী বলেন, “এটা ভীষণ খুশির খবর। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী সম্ভাবনার পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে।”

উল্লেখ্য, ICCR ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় লোকনৃত্য, লোকগান, নাটক, বাদ্যযন্ত্র ও ঐতিহ্যবাহী শিল্পের শিল্পী ও দলকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাও তাদের অন্যতম কাজ।

ফলে ICCR-এর এই আমন্ত্রণ শুধু কয়েকজন গমীরা শিল্পীর মঞ্চে ওঠার সুযোগ নয়, দিনাজপুরের বহু পুরনো মুখোশ-সংস্কৃতি ও গমীরা নৃত্যের বৃহত্তর পরিচিতির ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




