
#মালবাজার: দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতার অবসান ঘটিয়ে অবশেষে মেরামত হল মালবাজার বাসস্ট্যান্ডের একটি বিপজ্জনক নর্দমার ঢাকনা। বহু বছর ধরে ঢাকনাটি খোলা অবস্থায় পড়ে থাকায় নিত্যদিনই দুর্ঘটনার আশঙ্কা ছিল, এমনকি ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

উল্লেখ্য, বিগত দিনে বহুবার এই খোলা নর্দমার ঢাকনা খবরের শিরোনামে উঠে এসেছিল। বারবার প্রশাসনের তরফে আশ্বাস মিললেও বাস্তবে কোনও কাজ হয়নি। শহরের ব্যস্ততম স্থানে এভাবে নর্দমার খোলা থাকায় বিপদের আশংকা ছিল।

অবশেষে শহরের যুবক তথা সমাজসেবী কাঞ্চন মালাকার নিজের উদ্যোগে ঢাকনাটি মেরামত করে পুনরায় যথাস্থানে বসিয়ে দেন। তাঁর কথায়, শহরবাসী হিসেবে প্রত্যেকেরই নিজস্ব দায়বদ্ধতা রয়েছে। প্রশাসন যখন কোনও কাজ করছে না, তখন সাধারণ মানুষকেই এগিয়ে এসে এমন উদ্যোগ নিতে হবে, যাতে আর কাউকে বিপদের মুখে পড়তে না হয়।

বহু বছর পর বিপজ্জনক ওই নর্দমার ঢাকনা মেরামত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। তাঁদের আশা, ভবিষ্যতে এ ধরনের জননিরাপত্তার সঙ্গে জড়িত সমস্যাগুলির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন আরও সক্রিয় ভূমিকা নেবে।








