Explore

Search

October 24, 2026 3:08 pm

IAS Coaching

অন্নপূর্ণার টাকা সহ বিজেপির অভ্যন্তরীণ সমস্যা নিয়েও বিধায়কের কাছে সরব কর্মীরা

#মালবাজার: অন্নপূর্ণা যোজনা  প্রকল্পের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ থেকে শুরু করে দলের কর্মীদের মধ্যে বিভাজন—একাধিক বিষয় নিয়ে সরব হলেন ওদলাবাড়ি এলাকার বিজেপির মহিলা মোর্চা, এসসি মোর্চা ও যুব সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, এলাকার বহু গরিব মহিলা এখনও অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না। অথচ তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের মহিলারা ওই সুবিধা পাচ্ছেন।
শুক্রবার ওদলাবাড়ি এসসি মোর্চার কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডার কাছে একের পর এক অভিযোগ জানান দলের স্থানীয় কর্মীরা। এদিন মহিলা মোর্চার সদস্যদের পাশাপাশি বিজেপির যুব কর্মীরাও তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ বিধায়কের কাছে তুলে ধরেন।
মহিলা মোর্চার সদস্যদের অভিযোগ, এলাকার বহু গরিব মহিলা এখনও পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাননি। অথচ বড়লোক পরিবারের মহিলারা সেই সুবিধা পাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিষয়টি দ্রুত খতিয়ে দেখার দাবি জানান তাঁরা।
পাশাপাশি ওদলাবাড়ি এলাকায় বিজেপির কিছু নেতা-কর্মীর সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন মহিলা মোর্চার সদস্যরা।
তাঁদের দাবি, এর ফলে দলের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যা মেটানোর দাবি জানান তাঁরা। অভিযোগ প্রসঙ্গে বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, অন্নপূর্ণা প্রকল্পের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যোগ্য ব্যক্তিরাই যাতে প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে তাঁর দাবি। দ্রুত সকলে প্রকল্পের টাকা পাবেন বলে তিনি জানান।  পাশাপাশি স্থানীয় বিজেপির মহিলা মোর্চাকেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হবে।
দলের অভ্যন্তরীণ সমস্যা প্রসঙ্গে শুক্রা মুন্ডা বলেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে সমস্যার কথা তাঁর কানে এসেছে। দ্রুত সেই সমস্যা মিটে যাবে বলেও তিনি দাবি করেন।
ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের যেসব কর্মীর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং তাঁরা বিজেপিকে সমর্থন করতে চাইলে তাঁদের সমর্থন  নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন তৃণমূল নেতাদের দলে নেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।
এদিন দলের কর্মীদের বুথভিত্তিক সংগঠন নিয়েও বার্তা দেন বিধায়ক। তাঁর অভিযোগ, এলাকার কিছু বিজেপি নেতা-কর্মী বুথে বুথে বৈঠক না করে নদী এলাকায় বৈঠক করছেন বলে তাঁর কাছে খবর এসেছে। এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। তাঁর কথায়, দলের ঊর্ধ্বে কেউ নন এবং বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। আগামী দিনে ওদলাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় নিয়মিত বৈঠকের মাধ্যমে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শুক্রা মুন্ডা।
Advertisement
Live Cricket Score
upskillninja