
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মাতল কচিকাঁচারা। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের ন্যায়না রানী ভবনে অনুষ্ঠিত হল বিলম্বিত শিক্ষক দিবসের অনুষ্ঠান। একটি বেসরকারি টিউশনি সংস্থা ‘কেরিয়ার গাইড’-এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। নৃত্য, সংগীত-সহ নানা পরিবেশনায় অংশ নেয় পড়ুয়ারা। তাদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক দিবস কেবলমাত্র শিক্ষকদের সম্মান জানানোর দিন নয়, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করারও একটি বিশেষ উপলক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখেই বিলম্বিত হলেও শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক থেকে আমন্ত্রিত অতিথিরাও।অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষকদের অবদানের কথাও স্মরণ করা হয়। কচিকাঁচাদের নাচ-গান ও আনন্দে সন্ধ্যার অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয়।








