Explore

Search

August 13, 2026 10:50 pm

IAS Coaching

জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুদায়িত্বে মনোজ চক্রবর্তী ও অনুপম দাস

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন দুই অভিজ্ঞ শিক্ষক। পর্ষদ ও সংসদের তরফে জেলার কনভেনর হিসেবে মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে মহারাজা জগদীশনাথ হাই স্কুলের শিক্ষক মনোজ চক্রবর্তীকে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলার দায়িত্বে রয়েছেন তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুলের শিক্ষক অনুপম দাস।

দুই পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষা পরিচালনা, কেন্দ্রগুলির সঙ্গে সমন্বয়, পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখা এবং পর্ষদ ও সংসদের নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁদের কাঁধে রয়েছে। জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যাতে নির্ধারিত নিয়ম মেনে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেদিকেও বিশেষ নজর থাকবে তাঁদের।

মনোজ চক্রবর্তী বলেন, “মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পর্ষদের সমস্ত নির্দেশিকা মেনে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনের সকলের সহযোগিতা প্রয়োজন।”

অন্যদিকে অনুপম দাস বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা কেন্দ্রগুলিতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সংসদের নির্দেশিকা যথাযথভাবে পালন করাই আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

দুই অভিজ্ঞ শিক্ষকের হাতে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই গুরুদায়িত্ব অর্পণ হওয়ায় শিক্ষা মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের অভিজ্ঞতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার পরীক্ষাব্যবস্থা আরও সুসংহত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। তবে মাধ্যমিক পরীক্ষা রয়েছে আগামী বছরের গোড়ায়।

Advertisement
Live Cricket Score
upskillninja