
#নতুন দিল্লিঃ জেলার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি—রায়গঞ্জে AIIMS স্থাপনের দাবিকে এবার জাতীয় স্তরের বণিক সভাতেও তুলে ধরলেন উত্তর দিনাজপুরের ব্যবসায়ীরা। দিল্লিতে আয়োজিত চারদিনের ‘ভারতীয় ব্যাপার মহোৎসব’-এ অংশ নিয়েছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি দল। ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা এই বণিক মহোৎসবের প্রথম দিনেই জেলার ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে রায়গঞ্জে AIIMS স্থাপনের দাবিকে সামনে আনা হয়।

CAIT (Confederation of All India Traders)-এর উদ্যোগে আয়োজিত এই বৃহৎ বাণিজ্যিক সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও বণিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সেই মঞ্চেই উত্তর দিনাজপুরের দীর্ঘদিনের দাবি AIIMS স্থাপনের প্রসঙ্গ তুলে ধরেন জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা।

ব্যবসায়ী অভিজিৎ বোসের বক্তব্য, উত্তর দিনাজপুরসহ গোটা উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জে একটি সর্বাধুনিক AIIMS অত্যন্ত প্রয়োজন। জেলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য কলকাতা, শিলিগুড়ি কিংবা ভিনরাজ্যে ছুটতে হয়। ফলে একটি AIIMS প্রতিষ্ঠিত হলে শুধু স্বাস্থ্য পরিষেবার উন্নতিই হবে না, উত্তরবঙ্গের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

দিল্লির জাতীয় স্তরের এই বণিক মহোৎসবে জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে AIIMS-এর দাবি তুলে ধরা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ব্যবসায়ী মহল। স্থানীয় উন্নয়নের দাবিকে জাতীয় বণিক সংগঠনের বৃহত্তর মঞ্চে তুলে ধরে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।






