
#শুভজিৎ দাস , রায়গঞ্জ: ঋণের দায় এবং ব্যবসায় মন্দার জেরে মানসিক অবসাদ—প্রাথমিকভাবে এমন কারণেই এক দম্পতির আত্মহানির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপুকুরে। মঙ্গলবার সকালে বাড়িতেই ওই দম্পতি আত্মহানির চেষ্টা করেন বলে জানা গিয়েছে। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে দুজনেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপুকুর বিধানসভার কিচকটোলা পোস্ট অফিসের অন্তর্গত কামাত সম্বলপুর গ্রামের বাসিন্দা নির্মল মণ্ডল ও তাঁর স্ত্রী সরস্বতী মণ্ডল। পেশায় নির্মলবাবু হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের সংসারে রয়েছেন বৃদ্ধ বাবা এবং সাত বছরের এক শিশুপুত্র। তাঁদের এক মেয়ে বিবাহিত।

স্থানীয় সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই ব্যবসায় মন্দা চলছিল। এর পাশাপাশি ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দম্পতি। সেই আর্থিক চাপ থেকেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার সকালে বাড়িতে দম্পতির অসুস্থ অবস্থার বিষয়টি নজরে আসে স্থানীয়দের। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। একই সঙ্গে পরিবারের আর্থিক পরিস্থিতি এবং দম্পতির এমন চরম সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তা নিয়েও খোঁজখবর শুরু হয়েছে।






