
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম সংযোগস্থল শিলিগুড়ি মোড়ে আধুনিক ডিজিটাল ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা চালুর দাবি তুলেছেন শহরের একাংশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বর্তমানে এখানে পুরনো ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থা চালু থাকায় সাধারণ মানুষ বুঝতে পারেন না ঠিক কতক্ষণ সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। ফলে প্রতিদিনই যানজটের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের দাবি, শিলিগুড়ি, কলকাতা-সহ রাজ্যের বহু গুরুত্বপূর্ণ মোড়ে ইতিমধ্যেই ডিজিটাল টাইমার-সহ স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে। সেখানে নির্দিষ্ট সময় অনুযায়ী সিগন্যাল পরিবর্তন হয় এবং টাইমার দেখে চালক ও পথচারীরা সহজেই বুঝতে পারেন কতক্ষণ অপেক্ষা করতে হবে। এতে অযথা বিভ্রান্তি কমে এবং যান চলাচলও অনেক বেশি সুশৃঙ্খল হয়।

রায়গঞ্জের বাসিন্দা ত্রিদীপ্ত ঘোষের অভিযোগ, শিলিগুড়ি মোড়ে এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়। ফলে অনেক সময় কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা বোঝা যায় না। এই পরিস্থিতিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ সূত্রে খবর, যান নিয়ন্ত্রণের সময়কাল বা সিদ্ধান্ত সম্পর্কে কোনও নির্দিষ্ট অভিযোগের খবর নেই। জেলা প্রশাসন চাইলে এমন সিগনালিং নিশ্চয়ই কার্যকরী হবে।

রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর মতে, শিলিগুড়ি মোড়ে ডিজিটাল কাউন্টডাউন টাইমার-সহ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি স্বচ্ছতা বাড়বে এবং চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় অপেক্ষাও কমবে। তাঁদের আশা, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।




