Explore

Search

July 30, 2026 2:25 am

IAS Coaching

জটিলতা কাটল,ইটাহার কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ড. অমিত ভৌমিক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরের ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন নূর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক ড. অমিত ভৌমিক। তাঁর যোগদানের মধ্য দিয়ে কলেজের শিক্ষাক্ষেত্র ও প্রশাসনিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা।

এর আগে কলেজ সার্ভিস কমিশন অধ্যক্ষ পদের কাউন্সেলিংয়ের ফলাফল প্রকাশ করলে নির্বাচিত প্রার্থীদের তালিকায় ড. অমিত ভৌমিকের নাম উঠে আসে। তবে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে কমিশনের আনুষ্ঠানিক সুপারিশ (রেকোমেন্ডেশন) কলেজে পৌঁছলেও দীর্ঘদিন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেননি। অবশেষে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এদিন তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর ড. ভৌমিক বলেন, “ইটাহার কলেজে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সর্বতোভাবে কাজ করব। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কাছে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য। আশপাশের স্কুলগুলির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসার এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করব।”

ড. অমিত ভৌমিকের শিক্ষা ও গবেষণার পরিসর অত্যন্ত সমৃদ্ধ। তাঁর বাবা বিষ্ণুপদ ভৌমিক কেন্দ্রীয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা কণা ভৌমিক একজন সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং গবেষণা সম্পন্ন করার পর তিনি রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশের একাধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা তাঁকে একজন দক্ষ শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নতুন অধ্যক্ষের যোগদানকে ঘিরে ইতিমধ্যেই ইটাহার কলেজে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে। ছাত্রছাত্রী ও অধ্যাপক মহলের আশা, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষার মান, গবেষণার পরিবেশ এবং সামগ্রিক পরিকাঠামো আরও সমৃদ্ধ হবে।

এদিন কলেজে পৌঁছলে নতুন অধ্যক্ষকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র, অধ্যাপক সুকুমার বাড়ই, প্রসেনজিৎ চৌধুরী-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং তাঁর পরিবারের সদস্যরা। সকলের শুভেচ্ছা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে কলেজকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. অমিত ভৌমিক।

Advertisement
Live Cricket Score
upskillninja