Explore

Search

June 23, 2026 3:54 am

IAS Coaching

ইটাহার বাসস্ট্যান্ডে বাজার, জাতীয় সড়কে বাস দাঁড়াতে নিষেধ! যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন, সরব বাস মালিক সংগঠন

#ইটাহারঃ ট্রাফিক প্রশাসনের নির্দেশে ইটাহার বাসস্ট্যান্ডের বাইরে জাতীয় সড়কের উপর আর বাস বা মিনিবাস দাঁড় করানো যাবে না। এই নির্দেশ কার্যকর হওয়ার মুখে নতুন করে সমস্যায় পড়েছেন বাস মালিক ও চালকরা। কারণ, প্রতিদিন ভোর থেকে সকাল প্রায় ১১টা পর্যন্ত ইটাহার বাসস্ট্যান্ড চত্বরে বসে জমজমাট বাজার। ফলে বাসস্ট্যান্ডের ভেতরে বাস প্রবেশ ও দাঁড় করানো কার্যত অসম্ভব হয়ে পড়ে বলে অভিযোগ।

মালিক সংগঠনের দাবি, বাসস্ট্যান্ডের অধিকাংশ অংশ জুড়ে বাজার বসে রয়েছে। এই পরিস্থিতিতে বাস ও মিনিবাসগুলি কোথায় দাঁড়াবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক।

তিনি বলেন, “ট্রাফিক প্রশাসনের নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে বাস দাঁড় করানো যাবে না। কিন্তু প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত বাসস্ট্যান্ড বাজারের দখলে থাকে। তাহলে বাস-মিনিবাস কোথায় দাঁড়াবে? এই বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”

বাস মালিক সংগঠনের দাবি, যাত্রী পরিষেবা সচল রাখতে হলে বাসস্ট্যান্ডকে সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে। বাজার ও বাস চলাচলের মধ্যে সমন্বয় না ঘটলে যাত্রীদের পাশাপাশি পরিবহণ ব্যবস্থাও চরম সমস্যার মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দাদের একাংশেরও অভিযোগ, বাজারের কারণে বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। যাত্রীদের ওঠানামা থেকে শুরু করে বাসের প্রবেশ ও বের হওয়া—সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। তাদের প্রশ্ন, জাতীয় সড়কে বাস দাঁড়ানো বন্ধ করা হলে বিকল্প ব্যবস্থা কী হবে? প্রশাসন এই বিষয়ে কবে স্পষ্ট অবস্থান জানাবে, এখন সেই দিকেই তাকিয়ে পরিবহণ মহল ও সাধারণ যাত্রীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja