
#রায়গঞ্জঃ দীর্ঘদিনের প্রতীক্ষিত গাজোল–ইটাহার রেলপথ প্রকল্পের কাজে নতুন গতি এল। বৃহস্পতিবার দুপুরে গাজোলে আনুষ্ঠানিকভাবে শুরু হল জমি জরিপের কাজ। রেলপথ নির্মাণের প্রাথমিক পর্যায়ের এই জরিপকে ঘিরে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা ও বণিক মহল। উল্লেখ্য, ২০১০ সালে কেন্দ্রীয় রেল বাজেটে এই রেলপথের নির্মানে বাজেট বরাদ্দ করলেও একাজটি শুরুই হয়নি।

এদিন ডাম্পি লেভেল বসিয়ে চিহ্নিত এলাকার জমি পরিমাপ ও জরিপের কাজ করেন কর্মীরা। কোথায় কতটা মাটি ভরাট করতে হবে, কোথায় মাটি কাটার প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যৎ রেললাইন নির্মাণের জন্য কী ধরনের ভৌগোলিক প্রস্তুতি প্রয়োজন, সেই সমস্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই জরিপ চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মীরা।

কলকাতার জেটিপি সংস্থার অধীনস্থ ‘পাইওনিয়ার সার্ভেয়ার’-এর ছয় সদস্যের একটি দল এদিনের কাজে অংশ নেয়। গাজোল থানা চত্বরে অবস্থিত GTS BM-কে বেসলাইন হিসেবে ধরে জরিপের কাজ শুরু করা হয়। সার্ভেয়ার দলের সদস্য নির্মল সামন্ত বলেন, “কাজ সদ্য শুরু হয়েছে। আগামী দিনে আরও কর্মী এই প্রকল্পের কাজে যুক্ত হবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিপ শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে। সেই লক্ষ্যেই দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

গাজোল–ইটাহার রেলপথ প্রকল্পের জমি জরিপ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, “দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর ও মালদহ জেলার মানুষ এই রেলপথের অপেক্ষায় রয়েছেন। জমি জরিপের কাজ শুরু হওয়া অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমরা আশা করছি, প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দ্রুত প্রকল্পের পরবর্তী ধাপগুলিও সম্পন্ন করবে।”

রেলের পরামর্শ দাতা কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র বলেন, গাজোল ডালখোলা রেলপথের প্রাথমিক পর্যায় হল গাজোল–ইটাহার রেলপথ। এটি চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। জমি জরিপ শুরু হওয়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হল।






