Explore

Search

June 18, 2026 11:53 pm

IAS Coaching

ড্রোন প্রযুক্তিতে ভবিষ্যতের দিশা, জেলায় ১৫টি কর্মশালায় অংশ নেবে স্কুল পড়ুয়ারা


#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার স্কুল পড়ুয়াদের মধ্যে ড্রোন প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে, জেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মশালায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী দিনের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানা গেছে। উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান ভারতীর উদ্যোগে আগামী ২৪শে জুন থেকে ২০ দিন ধরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

জেলার কর্মকর্তা অঙ্কুশ মৈত্র বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে স্কুল পড়ুয়াদের হাতে-কলমে ড্রোন প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তুলতে উত্তর দিনাজপুর জেলায় শুরু হতে চলেছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। জেলার মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে করোনেশন হাই স্কুল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভূপালচন্দ্র বিদ্যাপীঠ, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়, ইটাহার উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশ নিতে পারবে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে পড়ুয়ারা হাতে-কলমে ড্রোনের নকশা তৈরি, ড্রোন নির্মাণ এবং তা উড়ানোর কৌশল শিখবে। আয়োজকদের মতে, বইয়ের পাঠ্যসূচির পাশাপাশি বাস্তবভিত্তিক প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পেলে ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

অঙ্কুশ মৈত্র আরও জানান, বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তির গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্র, কৃষি, নজরদারি ও শিল্পক্ষেত্রে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অঙ্কুশের কথায় “প্রতিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে উত্তরবঙ্গে একটি ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। এই কর্মশালার মাধ্যমে যেসব ছাত্রছাত্রী প্রতিভার পরিচয় দেবে, তাদের পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হবে।”

শিক্ষাবিদদের মতে, এই ধরনের প্রযুক্তিনির্ভর কর্মশালা ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে। পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja